দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহ ছিল যেন বিমাময়। সপ্তাহজুড়েই লেনদেন ও মূল্যবৃদ্ধিতে শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর অধিকাংশই ছিল বিমা খাতের। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই বিমা খাতের বেশির ভাগ শেয়ারের দাম অস্বাভাবিক বেড়েছে। তাই এ মূল্যবৃদ্ধির পেছনে কারসাজি রয়েছে বলে মনে করেন তাঁরা।
দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে গত সপ্তাহের শেষে মূল্যবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই ছিল বিমা খাতের। কোম্পানিগুলো হলো জনতা ইনস্যুরেন্স, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, ক্রিস্টাল ইনস্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, প্যারামাউন্ট ইনস্যুরেন্স ও গ্লোবাল ইনস্যুরেন্স। এর মধ্যে জনতা ইনস্যুরেন্স ও ক্রিস্টাল ইনস্যুরেন্স সম্প্রতি তাদের শেয়ারপ্রতি আয় বা ইপিএসের তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, দুই কোম্পানিরই মুনাফা বেড়েছে। শেয়ারবাজারে কোনো কোম্পানির ইপিএসের তথ্য মূল্য সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাই ইপিএস কমলে বা বাড়লে তাতে শেয়ারের দামে প্রভাব পড়ে।
