লাফার্জহোলসিমের মুনাফায় ধস – ​businessjournalbd.com

​businessjournalbd.com

English

লাফার্জহোলসিমের মুনাফায় ধস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৬, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিক্রি কমে যাওয়ার পাশাপাশি ব্যয় বৃদ্ধি ও টাকার অবমূল্যায়নের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিমের মুনাফায় ধস নেমেছে। গত বছরের তুলনায় চলতি বছরের এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৩ শতাংশ কমেছে। আর ছয় মাসের (জানুয়ারি-জুন) হিসাবে মুনাফা কমেছে ৩৩ শতাংশ।

মঙ্গলবার (১৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা শেষে প্রকাশ করা আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লাফার্জহোলসিম জানিয়েছে, নির্মাণ খাতে চাহিদা কমায় চলতি বছরের প্রথম ছয় মাসে নিট বিক্রি ৫ শতাংশ কমেছে। আর ব্যয় বৃদ্ধি এবং টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন মুনাফা শতকরা ২৫ ভাগ কমেছে।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৩৪৭ কোটি টাকা। গতবছরের একই সময়ে পরিচালন মুনাফা হয় ৪৬০ কোটি টাকা। অর্থাৎ পরিচালন মুনাফা কমেছে ১১৩ কোটি টাকা বা ২৫ শতাংশ।

এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে নিট বিক্রি হয়েছে ১ হাজার ৪৪২ কোটি টাকা। গত বছর প্রথম ছয় মাসে নিট বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৫২৬ কোটি টাকা। অর্থাৎ নিট বিক্রি কমেছে ৮৪ কোটি টাকা বা ৫ শতাংশ।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন সময়ে লাফার্জহোলসিমের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফ কমেছে ৭৮ পয়সা বা ৫৩ শতাংশ।

আর জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে, ২ টাকা ৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৩ টাকা ১১ পয়সা। অর্থাৎ ছয় মাসের হিসাবে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১ টাকা ২ পয়সা বা ৩৩ শতাংশ।